ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই

| আপডেট :  ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫  | প্রকাশিত :  ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫

 

ছেলের বউভাতের আয়োজন চলছে। বাড়িজুড়ে আত্মীয়-স্বজন ও অতিথিদের ভিড়। রান্নার প্রস্তুতি আর উৎসবের আমেজ সর্বত্র। এর মধ্যে অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটি চোরাই বলে দাবি করায় মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় বরের বাবাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বউভাতের অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটি চোরাই কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক সত্যতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের ওই ব্যক্তির ছেলের সঙ্গে শুক্রবার পাশের রুদ্রনগর গ্রামের এক মেয়ের বিয়ে হয়। পরদিন শনিবার ছেলের বউভাত উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নের আয়োজন করেন বরের বাবা। এ জন্য একটি গরু জবাই করা হয়।

এরই মধ্যে জবাই করা গরুটি চোরাই গরু বলে অভিযোগ ওঠে। পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম দাবি করেন, শুক্রবার ভোররাতে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়ে যায়। পরে বউভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি দেখে তিনি সেটিকে নিজের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন।

এ নিয়ে প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে বরের ভাই ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর ও তার ভাই পালিয়ে যান। তখন তাদের বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।

দুপুরে এ নিয়ে শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় বরের বাবাকে গ্রেফতার দেখায় পুলিশ। বর্তমানে গ্রেফতার ব্যক্তি থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বউভাতের অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটি চোরাই কি না, তদন্ত করলে তা নিশ্চিত হওয়া যাবে। এক ব্যক্তির মামলার ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গ্রেফতার ব্যক্তি থানায় পুলিশের হেফাজতে আছেন। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত