দুমকিতে দুই জামায়াত নেতার ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের সদস্য আবুল কালাম আজাদের ছেলে মো. সানাউল্লাহ বিন আজাদ ও পাংগাশিয়া ইউনিয়নের জামায়াতের নেতা হালিম মোল্লার ছেলে মো. সাইফুল ইসলাম সদ্য প্রকাশিত জেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন বলে জানা গেছে।
বাবার জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্যের মধ্যে ছেলের ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন, কমিটি গঠনের ক্ষেত্রে নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড কতটা যাচাই-বাছাই করা হয়েছে?
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি জামায়াত থেকে পদত্যাগ করেছি। তবে আমার ছেলে কোন কমিটিতে পদ পেয়েছে, সে বিষয়ে আমার জানা নেই।’
অন্যদিকে, সানাউল্লাহ বিন আজাদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কলটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মো. সাইফুল ইসলাম ফোন করা হলে তিনি তার পরিচয় অস্বীকার করেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
