ইসরায়েলের কাছে যুদ্ধের খরচ চেয়েছেন ট্রাম্প, তেহরানের দাবি ভিন্ন

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

ইরান যুদ্ধের সামরিক ব্যয়ের বোঝা ইসরায়েলসহ মিত্রদেশগুলোর ওপর চাপাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মার্কিন-ইসরায়েলি হামলায় পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের পুরো খরচ আদায় করা হবে। প্রথমবারের মতো এই তালিকায় ইসরায়েলের নামও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকে যুদ্ধের খরচ ফেরত নেয়ার কথা বলেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। তাই দেশটির কাছ থেকেও যুদ্ধের খরচ ফেরত নেয়া হবে। তার কথায়, ‘আমরা সব অর্থ ফেরত পাব। তারা ১০০ শতাংশ অর্থ দেবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের বাইরে। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছিল, যুদ্ধ অব্যাহত থাকলে প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

তবে মিত্রদের কাছ থেকে সরাসরি এই অর্থ আদায় কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। আল জাজিরাকে দেয়া বক্তব্যে চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক নিল কুইলিয়াম ট্রাম্পের বক্তব্যকে বাস্তব নীতিগত প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন।জাতীয় খবর

বিশ্লেষকদের মতে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো সরাসরি অর্থ পরিশোধের দাবি সহজে মেনে নেবে না। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিকল্পনা সম্পর্কে এসব দেশ আগে থেকে অবগত ছিল না। বরং ইরানের পাল্টা হামলায় তাদের সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশগুলো সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষেও অবস্থান নিয়েছিল।

এ ছাড়া উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আগে থেকেই অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত কয়েকটি বড় সামরিক ঘাঁটির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বহন করে তারা।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প সরাসরি অর্থ আদায়ের পরিবর্তে বাণিজ্যিক বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা এবং বিদ্যমান বিনিয়োগ প্রতিশ্রুতিকে যুদ্ধের খরচ ফেরত পাওয়ার উপায় হিসেবে দেখাতে পারেন। অর্থাৎ, ক্ষতিপূরণের দাবি বাস্তবে অর্থনৈতিক সুবিধা আদায়ের চাপ তৈরির কৌশলে রূপ নিতে পারে।

অন্যদিকে, যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে তেহরানের দাবির ধরন ভিন্ন। গত বুধবার তুরস্কে কপ-৩১ জলবায়ু সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার দেশে যে পরিবেশগত ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ চায় ইরান। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, শান্তিকালীন জলবায়ু প্রতিশ্রুতির সঙ্গে যুদ্ধকালীন দায়বদ্ধতারও অর্থবহ যোগসূত্র তৈরি করতে হবে। সামরিক আগ্রাসনে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ইরান যুদ্ধের প্রভাব শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকেনি। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন ও উপসাগরীয় অঞ্চলেও। ইরানসহ পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে বারবার হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজ চলাচলও। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনাও ঘটেছে। এসব হামলার ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ তেল ছড়িয়ে পড়ার ঘটনাও রয়েছে।

তবে পেজেশকিয়ানের দাবির বাস্তবায়নও সহজ নয়। আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য ধনী দেশগুলোর অর্থায়নের ব্যবস্থা রয়েছে। কিন্তু সামরিক হামলার কারণে পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান এসব চুক্তিতে নেই। ফলে ইরানের দাবি বাস্তবায়নে নতুন ক্ষতিপূরণ কাঠামো তৈরির প্রশ্ন সামনে এসেছে।

এদিকে, ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণেও পড়তে পারে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি জোটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ সামান্য কমতে পারে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুই পক্ষের ক্ষতিপূরণ দাবির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের অর্থ মিত্রদের কাছ থেকে ফেরত নিতে চাইছেন। আর তেহরান চাইছে সামরিক হামলায় পরিবেশের ক্ষতির দায় নির্ধারণ করে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণের ব্যবস্থা গড়ে তোলা হোক। একদিকে যুদ্ধের ব্যয় ভাগাভাগি, অন্যদিকে যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায় নির্ধারণ—দুটি প্রশ্নই এখন সামনে এসেছে।

ফলে ইরান যুদ্ধের সামরিক লড়াই থামার আলোচনা চললেও এর আর্থিক ও পরিবেশগত দায়বণ্টন নিয়ে বিরোধের অবসান ঘটেনি। বরং যুদ্ধের পর কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির দায় কার ওপর বর্তাবে, তা নিয়ে নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের ক্ষেত্র তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত