পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, প্রবাসে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় কালো মুখোশ পরে মহড়া দিয়েছে একদল তরুণ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে তারা প্রবাসে বাংলাদেশি রাজনীতিকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা ও বিভাজন বন্ধের দাবি জানায়।

তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের ‘নেতা গলি’, পূর্ব লন্ডন মসজিদ সংলগ্ন এলাকা এবং দীর্ঘদিন ধরে প্রবাসীদের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির অন্যতম স্থান ‘আলতাব আলী পার্ক’-এ জড়ো হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মুখোশধারী তরুণদের ইংরেজি ও সিলেটি আঞ্চলিক ভাষায় বক্তব্য দিতে দেখা যায়।

তরুণেরা বলেন, কয়েক প্রজন্মের কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। কিন্তু গুটিকয়েক রাজনৈতিক কর্মীর সংঘাত ও সহিংস কর্মকাণ্ডের কারণে পুরো কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়ছে।

বুধবার রাত আটটার দিকে হঠাৎ দলবদ্ধ তরুণদের এমন মুখোশ পরা সাজসজ্জায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ভীতির সঞ্চার হয়।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, গত সোমবার স্থানীয় কমিউনিটি নেতাদের বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিসংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সমস্যা সমাধানের পরিবর্তে মুখোশধারী তরুণদের কর্মকাণ্ড কমিউনিটিকে আরও বিভাজিত করছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত