আদমদীঘিতে দাদনদারের খপ্পড়ে স্বামী জেলে, দুই সন্তানসহ স্ত্রীর মানবেতর জীবনযাপন

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার প্রত্যন্ত পল্লী চাঁপাপুরে সুমন নামের এক দাদন ব্যবসায়ীর খপ্পড়ে পড়া ব্যাংক চেক প্রত্যাখান মামলায় স্বামী জীবন মোহন্ত জেল থাকায় দুই সন্তান নিয়ে মানবেতন জীবনযাপন করছেন স্ত্রী পলি রানী মোহন্ত।

ঘটনাটি এলাকায় জানাজানি হবার পর স্থানীয় জনতা ভোক্তভুগী পলি রানী মোহন্তকে নিয়ে উপজেলার চাঁপাপুর বাজারের কড়িতলা পয়েন্টের মানতাশা এন্টারপ্রাইজ সুপার মার্কেটে দাদন ব্যবসায়ী সুমনের চালের দোকান ঘেরাও করে। তারা দাদন ব্যবসায়ী সুমনের বিচার দাবী করে নানান স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা।

এসময় দাদন ব্যবসায়ী সুমন দোকানে না থাকায় দোকানের কর্মচারী জনি দোকানে তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লী চাঁপাপুর ইউনিয়ন সদর বাজারের কড়িতলা এলাকায় মানতাশা এন্টারপ্রাইজ সুপার মার্কেটর একটি দোকান ঘর ভাড়া নিয়ে প্রায় তিন বছর ধরে চাল ব্যসার আড়ালে অধিক মুনাফায় দাদন ব্যবসা করে আসছে সুমন নামের এক ব্যক্তি। জেলখানায় বন্দি জীবন মোহন্ত সংসারের বিশেষ প্রয়োজনে বিগত ২০২২ সালে সুমনের নিকট থেকে চড়া সুদে ৫০ হাজার টাকা লোন নেয়। এসময় টাকা ফেরতের গ্যারান্টি হিসাবে দাদন ব্যবসায়ী সুমন লোন গ্রহিতা জীবনের নিকট থেকে ব্যাংকের ফাঁকা চেক নিয়ে রাখে। এরপর থেকে চাল ব্যবসার আড়ালে চালানো দাদন ব্যবসায়ী সুমনকে সুদ হিসাবে পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৬ লাখ টাকা দিয়েছেন বলে জানান জীবন মোহন্তের স্ত্রী পলি রানী মোহন্ত। এমন অবস্থায় লোন গ্রহিতা জীবন মোহন্ত দুই মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় মামলায় হুমকি দেয় দাদন ব্যবসায়ী সুমন। এর এক পর্যায়ে দাদন ব্যবসায়ী সুমন তার ইচ্ছে মত জীবন মোহন্তের দেওয়া চেকে টাকার অঙ্ক বসিয়ে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। এ মামলায় আদালত জীবন মোহন্তকে ৫ মাসের কারাদন্ডের আদেশ দেয়। বর্তমানে এক মাস যাবৎ জীবন মোহন্ত বগুড়া কারাগারে রয়েছে।

এদিকে জীবন মোহন্ত জেলে থাকায় স্ত্রী পলি রানী মোহন্ত দুই সন্তান নিয়ে মানবেতন জীবনযাপন করছেন।

এ বিষয়টি জানার পর বুধবার (২৫ নবেম্বর) সন্ধ্যায় চাঁপাপুর বাজারের কড়িতলায় সুমনের দোকানের সামনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে দাদন ব্যবসায়ী সুমনের বিচার দাবী করে নানান স্লোগান দেন। এসময় বিক্ষুব্ধ জনতার আগমন টের পেয়ে দ্রুত শটকে পড়ে সুদখোর দাদন ব্যবসায়ী সুমন।

এঘটনার পর থেকে চাল ব্যবসার আড়ালে চালানো দাদন ব্যবসায়ীর দোকান বন্ধ রয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী জীবন মোহন্তের স্ত্রী পলি রানীর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যম কর্মীদের বলেন, টাকার অভাবে তার স্বামীর জামিন ধরাতে পারছেন না। তিনি সুদখোর দাদন ব্যবসায়ী সুমনের অন্যায় মামলা প্রত্যাহার ও তার স্বামীর সু-বিচার প্রার্থনা করে প্রশাসনসহ স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সু-দৃষ্টি কামনা করছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত