নতুন অধিনায়কের নাম ঘোষণা বেঙ্গালুরুর

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮

 

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন ছিল কোহলিকে নেতৃত্বে ফেরাতে যাচ্ছে বেঙ্গালুরু। তবে শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিতে পারেনি। রাজত পাতিদারকে অধিনায়ক করেছে দলটি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

ফাফ ডু প্লেসিকে এবার মেগা নিলামের আগে ছেড়ে দেয় বেঙ্গালুরু। তারপর থেকে গুঞ্জন উঠেছিল, আবারও বিরাট কোহলি হয়তো নেতৃত্বে ফিরছেন। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার কোহলি এক্সে এক ভিডিও বার্তা দিয়েছেন, আমি ও দলের অন্য সদস্যরা ঠিক তোমার পেছনে থাকবে। এই ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে বেড়ে উঠেছ, যেভাবে পারফরম্যান্স করেছ, সব বেঙ্গালুরু ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছ। এর যোগ্য দাবিদার তুমি।

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি, যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।

২০১৭ সাল থেকে পরবর্তী চার বছর বেঙ্গালুরুর পাশাপাশি ভারত জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়কত্বও করেছেন কোহলি। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরপর বেঙ্গালুরুর দায়িত্বও স্বেচ্ছায় ত্যাগ করেন তিনি।

কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি (২২৬) ও রোহিত শর্মার (১৫৮) পর তৃতীয় সর্বোচ্চ। তার অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।

এদিকে ২০২১ সালে রজতের সঙ্গে বেঙ্গালুরু চুক্তি করে। ডানহাতি ব্যাটার দলের সঙ্গে ২৭টি আইপিএল ম্যাচ খেলেন, ৩৪.৭৪ গড়ে করেছেন ৭৯৯ রান।

নিলামের আগেই বেঙ্গালুরুর রিটেইন করা খেলোয়াড়দের মধ্যে ছিলেন রজত। নেতা হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে মধ্য প্রদেশের অধিনায়ক ছিলেন। ৩১ বছর বয়সী ক্রিকেটার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দলকে ফাইনালেও তোলেন, যেখানে মুম্বাইয়ের কাছে হার মানতে হয় পাঁচ উইকেটে। ওই টুর্নামেন্টে আজিঙ্কা রাহানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রজত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত