কাঁধে থাকা শিশুটি শহীদ হাদির সন্তান নয়, জানা গেল পরিচয়

| আপডেট :  ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১  | প্রকাশিত :  ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু। ছবিটি ঘিরে অনেকেই ফেসবুকে দাবি করেন, শিশুটি হাদির সন্তান। তবে অনুসন্ধানে জানা গেছে, ওই শিশুটি শহীদ হাদির সন্তান নয়।

শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। ওমায়েতের বাবা নিয়মিতভাবে শরিফ ওসমান হাদির সঙ্গে দেখা করতে যেতেন। এমনই একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে ছবি তোলেন হাদি। হাদির মৃত্যুর পর সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভুলভাবে শিশুটিকে তার সন্তান হিসেবে পরিচয় করানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি জানান, শিশুটি শহীদ হাদির সন্তান নয়।

তিনি বলেন, শিশুটি আজও তার বাবার সঙ্গে ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে। আগেও সে তার বাবার সঙ্গে হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত। হাদি ভাইয়ের মৃত্যুর পর ছবিটি ভাইরাল হলেও শিশুটি তার সন্তান নয়।

তিনি আরও বলেন, আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। সেদিন আদর করে হাদি ভাই ওকে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ভুল করে শিশুটিকে তার সন্তান ভেবেছেন। তবে আমরা বিশ্বাস করি, এই শিশুই ভবিষ্যতের হাদি হয়ে উঠবে। শিশুটির বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবী আদর্শে যেন তার সন্তান গড়ে ওঠে।

এদিকে শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত