ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলে কড়া নিরাপত্তা

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছে একটি পরিত্যক্ত কালো স্যুটকেস উদ্ধারের ঘটনায় ম্যানহাটনে ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে পূর্ব ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ওই সন্দেহজনক স্যুটকেসটি পাওয়া যায়। এলাকাটি প্রধানমন্ত্রীর অবস্থানরত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের কাছাকাছি।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে। সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এনওয়াইপিডির বোমা স্কোয়াড সাধারণত শহরের বিভিন্ন স্থানে পাওয়া সন্দেহজনক প্যাকেট, বস্তু বা ডিভাইস পরীক্ষা ও নিরাপদ করার দায়িত্ব পালন করে।

নিউইয়র্ক সিটির অফিসিয়াল জরুরি সতর্কবার্তায় জানানো হয়, ২২ সেপ্টেম্বর বিকেলে থার্ড অ্যাভিনিউ ও ইস্ট ৪৩তম স্ট্রিট এলাকায় পুলিশি তৎপরতার কারণে যান চলাচলে বিলম্ব, সড়ক বন্ধ, গণপরিবহনে বিঘ্ন এবং বিপুলসংখ্যক জরুরি কর্মীর উপস্থিতি থাকতে পারে। ওই এলাকা এড়িয়ে চলার জন্যও পরামর্শ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর হোটেলটি ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল এলাকার কাছে অবস্থিত। ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের আশপাশে ক্রাইসলার বিল্ডিংসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ম্যানহাটনে ব্যাপক সড়ক নিয়ন্ত্রণ, যানজট ও নিরাপত্তা তৎপরতার বিষয়ে সতর্ক করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।

তবে উদ্ধার হওয়া স্যুটকেসটিতে বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফরে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত