শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হলো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
