রাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যবিপ্রবি প্রেসক্লাবের তীব্র নিন্দা

যবিপ্রবি প্রতিনিধি, আল আমিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের রামদা, চাপাতি, হকি স্টিক ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে বর্বর ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (যবিপ্রবি প্রেস ক্লাব)।
সোমবার (৫ অক্টোবর) প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমরিন আল ফারাবী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে যবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ এ প্রতিবাদ জানান।
প্রতিবাদ বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার চর্চাকে স্তব্ধ করে দেওয়ার এক অপপ্রয়াস। সংবাদমাধ্যম এবং সাংবাদিক সংগঠনগুলো কখনোই কোনো রাজনৈতিক পক্ষ নয়; বরং নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। এমন পরিস্থিতিতে সত্য প্রকাশের অপরাধে সাংবাদিকদের ওপর রড, রামদা ও চাপাতির মতো দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া কেবল চরম বর্বরতা নয়, বরং স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ।”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন।
এ সময় ভিডিও ধারণ ও পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় জাহিদুলের মাথা ফেটে যায় এবং চিকিৎসাধীন চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
যবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি চর্চার স্থানে এমন সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের চরম ব্যর্থতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— কলমকে অস্ত্রের মুখে স্তব্ধ করা যাবে না।”
যবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে অনতিবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক আইনি ও প্রশাসনিক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সাথে আহত সাংবাদিকদের সুচিকিৎসা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
