ফ্রান্সের সম্মানসূচক পদক পেলেন প্রথম বাংলাদেশি সেনা কর্মকর্তা

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ প্রদান করেছে ফরাসি সরকার। আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এ সম্মান পেলেন।
ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে মঙ্গলবার (২৫ নভেম্বর) তাঁর বাসভবনে এক সরল অনুষ্ঠানে এই পদক তুলে দেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২–২০২৩ সালে কর্নেল পদে মালি শান্তিরক্ষা মিশন (MINUSMA)-এ ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সহায়তামূলক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হয়।
২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান মালি থেকে নাইজার ও চাদে পুনর্বিন্যাসের সময় মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর আসে। এই জটিল পরিস্থিতিতে জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম সফলভাবে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের পুনর্মোতায়েন নিশ্চিত করে।
পরবর্তী সময়ে ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘের পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসে তাঁর দলের দক্ষ পরিকল্পনা, নিষ্ঠা ও সমন্বয়ের ফলে সব শান্তিরক্ষী ও অস্ত্র–সরঞ্জাম নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।
ফরাসি সরকার আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে তাঁর এই অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবেই সম্মানসূচক এই পদক প্রদান করেছে।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল আজহার ইতিপূর্বে সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং মালি—মোট চারটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
