পবিপ্রবিতে সিরাত সেমিনার, সিরাত মাহফিল ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাত মাহফিল, সিরাত সেমিনার এবং সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ফোরাম এর উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় টি.এস.সি সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সিরাত সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা ও শিখনে রাসূল (সা.) এর অনুসৃত মূলনীতি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, তাফসিরবিদ, কুরআন গবেষক এবং জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ জামাল উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষা ও জ্ঞানের অপরিহার্য প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষা গ্রহণ ও তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর দেখানো মূলনীতিসমূহ অনুসরণ করলেই একটি সুশিক্ষিত ও নীতিবান সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নুর নবী, প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ। এছাড়াও আয়োজক সংগঠন গ্রিন ফোরামের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারি আব্দুল মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের পাশাপাশি সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২৬-এর আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ চর্চায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। আয়োজকবৃন্দ ভবিষ্যতেও তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ও সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/এজে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
