পাকিস্তানের আকাশসীমার বিকল্পের খোঁজে বেইজিংয়ের দ্বারে নয়াদিল্লি

| আপডেট :  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪  | প্রকাশিত :  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাজনিত জট কাটাতে চীনের শিনজিয়াং অঞ্চলের ওপর দিয়ে বিকল্প আন্তর্জাতিক বিমানপথ চালুর উদ্যোগ নিয়েছে ভারত। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের চলমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে ভারতীয় এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনার সময় ও ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে চীনের শিনজিয়াং প্রদেশের ‘হোতান’ অঞ্চলের আকাশসীমা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে নরেন্দ্র মোদির সরকার। গত এক বছর ধরে দুই দেশের পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

অন্যদিকে ভারতীয় বিমান পরিবহনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বাড়াল ইসলামাবাদ। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন করে কার্যকর হওয়া নোটিশ অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (পিসিএএ) নিয়ন্ত্রণাধীন করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে (এফআইআর) ভারতীয় সব ধরনের বাণিজ্যিক ও সামরিক বিমানের জন্য পুরোপুরি বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরপরাধ বেসামরিক নাগরিক নিহত হয়।

জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং ৩০ এপ্রিল থেকে পাকিস্তানের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।
পরবর্তীকালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় দেশের আকাশসীমা নিষেধাজ্ঞা বহাল থেকে যায়। বর্তমানে পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হওয়ায় ভারতীয় বিমান সংস্থাগুলোকে বাড়তি জ্বালানি ও সময় ব্যয় করতে হচ্ছে। এ জটিলতার স্থায়ী সমাধানের লক্ষ্যেই চীনের আকাশসীমা ব্যবহারের সম্ভাব্য বিকল্প পথ দ্রুত বাস্তবায়নে জোর দিচ্ছে নয়াদিল্লি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত