‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’—সাংবাদিকদের মুখে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো এক গুজবের কথা শুনে হাসি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নাকচ না করে তিনি জানিয়েছেন, সফরের দিনক্ষণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হতে পারে—ভারতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘গুঞ্জনের ওপর ভিত্তি করে আমি কোনও মন্তব্য করতে চাই না। বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে।’
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দুদেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।’
শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর হলেই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা করে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি আশাবাদী কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি আশাবাদী যে সফরটি হবে। তবে সফরের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হওয়ার পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে এসব চ্যালেঞ্জের সমাধান করতে চায়। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে গিয়ে দুই দেশই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন একজন ব্যক্তির প্রসঙ্গও এ সময় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ বিষয়ে বাংলাদেশ যেমন সংযম দেখাচ্ছে, তেমনি ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।
এদিকে নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের সম্ভাবনার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ঢাকা-দিল্লির মধ্যে সফরকে ঘিরে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
