সাকিব, মাহমুদউল্লাহ ও ফিজকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে

সাকিব, মাহমুদউল্লাহ ও ফিজকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
জুনের ২ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এখন পর্যন্ত প্রতিটি আসরে খেললেও খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। এবারের বিশ্বকাপেও টাইগারদের নিয়ে খুব বেশি প্রত্যাশা করার উপায় নেই। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুব কাছে থেকে দেখেছেন বাংলাদেশ দলের বিবর্তন। সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে তার অধীনে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলছে টাইগাররা।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই বিশ্বকাপের অন্যতম স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা। ২ জুন বিশ্বকাপ শুরু হলেও টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সাকিব আগের আট আসরেই খেলেছেন। রিয়াদও ২০২২ এর আসর বাদে প্রতিটি আসরেই ছিলেন টাইগারদের স্কোয়াডে। অন্যদিকে বোলিং আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ মুখ মুস্তাফিজুর রহমান।
গতকাল শনিবার (১৮ মে) এক বিসিবির প্রকাশিত এক ভিডিওতে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের শক্তির জায়গা সম্পর্কে কথা বলতে দেখা গেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। টাইগারদের এই লঙ্কান কোচ সেই ভিডিওতে খেলোয়াড়দের কাছে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন। সেখানে দলের এই গুরুত্বপূর্ণ তিন তারকাকে নিয়েও কথা বলেছেন।
সেই ভিডিও বার্তায় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরুসিংহে। তার মতে, মুস্তাফিজ ক্রিকেটবিশ্বের বিরল প্রতিভা। একই সঙ্গে মুস্তাফিজকে মজার মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি, ‘মোস্তাফিজ, ফিজকে নিয়ে আমি আর কী বলতে পারি? ফিজ অনন্য এক জাত। আমি তো মনে করি, বিশ্ব ক্রিকেটেই বিরল এক প্রতিভা। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা, তার বাহু আর কবজি দিয়ে সে যা করে যাচ্ছে, এটা অনেক বোলারই করতে পারে না। সে তার সেরা ছন্দে আছে। নিজের খেলা নিয়ে তার কোনো অস্বস্তি নেই। এখন তো সে খুব আত্মবিশ্বাসীও। আমরা যখন টিম মিটিংয়ে কথা বলি, সে–ও কথা বলে। সে খুব মজার মানুষও। আমি ঠিক বুঝতে পারি না যে সে কী বলে। তবে দেখেছি, তার সঙ্গ সবাই উপভোগ করে। কখনো কখনো সে এমন কিছু বলে যে তারা সবাই খুব হাসে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরবর্তীতে ওয়ানডে দল থেকেও বাদ পড়েন এই অভিজ্ঞ মুখ। বয়সের কারণে অনেকটা আনফিট হয়ে পড়েছিলেন রিয়াদ। আর ফর্মটাও ভালো যাচ্ছিল না তার। তবে কঠোর পরিশ্রমে নিজেকে বদলে গত ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরেন তিনি। এরপর থেকেই দারুণ ফর্মে ৩৮ বছর বয়সী। তাকে এই টিমের স্পিরিট বলে মনে করেন কোচ।
হাথুরু বলেন, ‘সম্ভবত সে আমাদের স্পিরিট অব দ্য টিম। ওর উপস্থিতি দলের মধ্যে, ড্রেসিংরুমে একধরনের স্থিরতা নিয়ে আসে। যখন সে কথা বলে, সবাই শোনে। সাম্প্রতিক সময়ে ওর ব্যাটিংও অন্য উচ্চতায় উঠেছে। যখন ব্যাটিং করে, নির্ভয়ে করে। আমার মনে হয় সে দলের জন্য ভালো। চাপের পরিস্থিতি ভালো সামাল দিতে পারে, যেটা আশপাশে থাকা তরুণদের জন্যও কাজে দেয়।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। এই বিশ্বসেরা অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সব কয়টি আসরেই খেলেছেন। এবারের বিশ্বকাপটি হয়ত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। হাথুরুসিংহে মনে করেন, এবারের আসরটাই তার ক্যারিয়ারের সেরা আসর হতে যাচ্ছে, ‘সাকিব খেলাটার কিংবদন্তি। আমরা সবাই জানি সে সব কটা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আমি আশা করি এবারেরটি তার সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। সে তিনভাবেই দলকে সহায়তা করতে পারবে। সাকিব খুব ভালো নেতাও। খেলোয়াড়দের সঙ্গে ভালো মিশতে পারে। সবাই সম্মানও করে। আর মাঠের মধ্যে খেলাটাও খুব ভালো বোঝে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
