মাহমুদ উল্লাহসহ এসএ টি-টোয়েন্টির ড্রাফটে ২৩ বাংলাদেশি

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৬  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৬

এসএ ২০ তিন আসর শেষ হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। আসছে ডিসেম্বরে টুর্নামেন্টটির চতুর্থ আসর বসবে দক্ষিণ আফ্রিকাতে। এবারের আসরে কেউ সুযোগ পাবেন কি না তা জানতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সেদিনই যে চতুর্থ আসরের নিলাম বসবে।

বিশ্ব ক্রিকেটের তারকাদের কিনতে সেদিন টাকার বস্তা নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি বসবে। সেই নিলামে কারা থাকছেন তার সম্পূর্ণ তালিকা এখনো জানা যায়নি। তবে কিছু ক্রিকেটারের নামসহ সংখ্যাটা জানা গেছে।
দেশি-বিদেশি মিলিয়ে এসএ টি-টোয়েন্টির ড্রাফটে ৭৮২ ক্রিকেটার নাম লিখিয়েছে।

ড্রাফটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। তাতে বাংলাদেশের হয়ে ২৩ জন রয়েছেন। নাম জানা গেছে শুধু মাহমুদ উল্লাহ রিয়াদের। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

ড্রাফটের মোট ক্রিকেটারদের মধ্যে ৪৫৪ জন বিদেশির বিপরীতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আছেন ৩২৮ জন। সবচেয়ে বেশি বিদেশি ইংল্যান্ডের, ১৫৩ জন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ (৫০), পাকিস্তান (৪০), শ্রীলঙ্কা (৩৬), আফগানিস্তান (২৭), আমিরাত-স্কটল্যান্ড (১১), জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস (১০), নিউজিল্যান্ড (৯), নামিবিয়ার (৫) ক্রিকেটাররাও আছেন।

এমনকি ভারতের ১৩ জন ক্রিকেটারও নাম লিখিয়েছেন। তিনজন করে আছেন অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের।

আর এক জন করে আছেন কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার। ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হলেও ৬ ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে মাত্র ৮৪ ক্রিকেটার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত