ডেঙ্গু মোকাবিলায় বাসাবাড়ি পরিচ্ছন্নতায় নাগরিকদের সময় দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের বাসাবাড়ি পরিচ্ছন্নতায় কিছু সময় ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতির উদ্দেশে দেয়া এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান তিনি।
ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই। একই সঙ্গে এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য আপনাদের সহযোগিতা দরকার।
সরকারপ্রধান বলেন, প্রিয় দেশবাসী, আমরা একসঙ্গে হয়েই ১৯৭১ সালে এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সকলে একসঙ্গেই ১৯৯০ এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সব স্তরের মানুষ একত্রিত হয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থানকে আমরা সফল করেছিলাম। আমরা যদি এতগুলো কাজ পারি, তাহলে কেন আমরা দেশের অন্য যেসব সমস্যা আছে, সবাই মিলে যদি একটু একটু করে আমরা কন্ট্রিবিউট করি, একটু একটু করে যদি আমরা অংশগ্রহণ করি, কেন পারব না?
তিনি বলেন, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গিয়েছেন। বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন, যার আপনজনটি হারিয়ে গেছে, সে-ই কষ্টটা বুঝে। কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অনেক মানুষকে আমরা সাহায্য করতে পারব এই আপনজন হারানোর বেদনা থেকে রক্ষা করতে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সংখ্যা বিবেচনা করলে প্রায় আড়াই কোটি মতো হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর বাইরেও বিভিন্ন সংগঠন যেমন বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্টের মেম্বার— এসব বিবেচনা করলে সংখ্যাটি প্রায় ৪০ লক্ষ হবে। ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের এসব সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার সারা দেশের সবগুলো জেলা-উপজেলায় যতটুকু সম্ভব, চারিদিকের ময়লা-আবর্জনা যতটুকু সম্ভব কিছুটা হলেও পরিষ্কার করার চেষ্টা করছে।
সরকারপ্রধান বলেন, কমবেশি আমরা সবাই জানি, ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল হচ্ছে জমে থাকা পানি। সেটি ঘরের আনাচে-কানাচে হোক, পথে-ঘাটের বিভিন্ন জায়গায় হোক যেখানে আনাচে কানাচে পানি জমে আছে অথবা ময়লার বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতেই হোক, জমে থাকা সেই পানি থেকে এই মশা জন্ম নিচ্ছে। ডেঙ্গুর একটি টিকা আবিষ্কার হয়েছে, তবে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, টিকাটি খুব বেশি কার্যকরী নয়। ডেঙ্গু যদি কারও হয়, সেই রোগ সড়াতে টিকাটি খুব বেশি কার্যকরী নয়।
এ ক্ষেত্রে ডেঙ্গুর জন্মস্থল ধ্বংস করা সবচেয়ে বেশি কার্যকরী উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি বিভিন্ন জায়গায় জমে থাকা পানি বা জমে থাকা ময়লা পরিষ্কার করে ফেলতে পারি, তাহলেই ডেঙ্গুকে প্রতিরোধ করতে আমরা সবচেয়ে বেশি সফল হব। আপনাদের কাছে আজকে আমার আহ্বান— আসুন আমরা প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার সপ্তাহে অন্তত দুই দিন করে যদি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেই, আমাদের ঘর ও ঘরের আশেপাশে এবং আমাদের চলার পথে যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, বংশ বিস্তার করতে পারে— এই জায়গাগুলো আমরা পরিষ্কার করে ফেলি। যাতে করে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে।
ভিডিওবার্তার শেষদিকে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সবাইকে একসঙ্গে নিয়ে সরকার দেশের জন্য কাজ করে। প্রিয় দেশবাসী, আমার সরকার দেশের সব মানুষকে নিয়ে একসঙ্গে নিয়ে দেশের সমস্যার সমাধান করতে চায়। দেশের সমস্যার সমাধান মানে আপনার-আমার, আমাদের সবার সমস্যার সমাধান। আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই আগামী দিনে এই ডেঙ্গুর অভিশাপ থেকে আমরা বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব। সকলে ভালো থাকবেন, ইনশআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
