যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান: আইআরজিসি

| আপডেট :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪০  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪০

যুদ্ধের সময় ইরান নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তা। তিনি জানান, এর মাধ্যমে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা এসব কথা বলেন। তিনি জানান, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে এই কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতির দিকে এগিয়েছে ইরান।

ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় যুদ্ধকৌশল, সরঞ্জাম ও কারিগরি কার্যপ্রণালিতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে কীভাবে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করা হবে, তাতেও পরিবর্তন করা হয়েছে।

তিনি জানান, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান তার আরও বেশি ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পরে ১৭ জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে পড়ে।

৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক হামলা-পাল্টা হামলা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করে।

সূত্র : আল জাজিরা

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত